
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় শরীরচর্চার সময় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকার গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম চুরকিন (২৫)। তিনি রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের বাসিন্দা। রূপপুর প্রকল্পে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটম টেক এনারগো’-তে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রিন সিটির একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে নিকটস্থ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী এহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে দূতাবাস হয়ে পরিবারের কাছে পাঠানো হবে।
Comment