
জামালপুর সদর থানা পুলিশ পূর্বপরিকল্পিতভাবে অপহরণের শিকার ২৬ বছর বয়সী বন্যা খাতুনকে মাত্র নয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে নান্দিনা বড় মসজিদ এলাকার বাসিন্দা চাঁন মিয়ার মেয়ে বন্যা খাতুনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে তুলশীরচর ইউনিয়নের ছোট ডৌয়াতলা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) তার সহযোগীদের সঙ্গে নিয়ে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে বন্যা খাতুনকে অপহরণ করে। এই অপহরণের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দ্রুত তথ্য সংগ্রহ করে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসআই মো. মুস্তাফিজুর রহমান, এএসআই মো. আল নোমান, কনস্টেবল কবির হোসেন, আবুল হোসেন ও নারী কনস্টেবল ঝুমা রানীসহ বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযানে অংশ নেন। ওসি নাজমুস সাকিব জানান, অপহরণের নয় ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সদর থানার ওসি ও তার টিমের দ্রুত ও দক্ষ পদক্ষেপ ভিকটিম উদ্ধার করার একটি উজ্জ্বল উদাহরণ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম জেলা পুলিশের অঙ্গীকারের অংশ।”
Comment