

ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকটি ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ ছিল।
সংবাদ সম্মেলনে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন, তাইওয়ান ইস্যু এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ লক্ষ্য করা গেছে, তবে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।
এদিকে, গাজার জন্য চীনের এই মানবিক সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই উদ্যোগ আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে চীনের নীতিগত অবস্থানেরই প্রতিফলন।
ফিলিস্তিনি স্বার্থে আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভূমিকার প্রশংসা করে মাহমুদ আব্বাস আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
Comment