

বগুড়ার আদমদীঘি উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম।
আরও পড়ুন-
গ্রেফতার ব্যক্তিরা হলেন বড়আখিড়া মন্ডলপাড়া গ্রামের নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার সরকার এবং একই এলাকার সত্য নাথের ছেলে সজল দাস সঞ্জয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক অভিযুক্ত কৌশলে তাকে ডেকে নেয়। সেখানে আগে থেকেই অপর অভিযুক্ত উপস্থিত ছিল। পরে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি প্রকাশ করলে ক্ষতির হুমকিও দেওয়া হয়।
ভয়ে প্রথমে ঘটনাটি গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের জানায় ছাত্রীটি। এরপর তার মা থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।
পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
Comment