
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটকে ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী সাত দিনসহ মোট ১২ দিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে যৌথ বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: ঢাকা-৮ নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে…
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নির্বাচন উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বডি ক্যামেরা সরবরাহ করা হবে। পাশাপাশি পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহারেও প্রস্তুতি থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান…
এছাড়া বুধবার থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক মনিটরিং টিম মাঠপর্যায়ে নির্বাচনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের কাজ শুরু করেছে। এসব টিম ২৪ ঘণ্টা ধরে পরিস্থিতি নজরদারি করবে এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করবে।
নাসিমুল গনি আরও বলেন, বডি ক্যামেরার মাধ্যমে ঘটনাস্থলের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন সম্ভব হবে এবং সব কার্যক্রম ভিডিও আকারে সংরক্ষণ করা যাবে। সভায় বডি ক্যামেরা ব্যবহারের কার্যকারিতা তুলে ধরে একটি প্রামাণ্য ভিডিওও প্রদর্শন করা হয়।
সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করা এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা।
Comment