
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দিকে বুলডোজার নিয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর এই বুলডোজার মিছিলকে তিনি “রাজাকার বাহিনীর আচরণ” হিসেবে দেখছেন। তার দাবি, ঐতিহাসিক স্থাপনা নিয়ে বারবার উসকানিমূলক কার্যক্রম দেশের মানুষের আবেগকে আঘাত করছে।
শাওন আরও উল্লেখ করেন, কোনো স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে ইতিহাস মুছে ফেলা যাবে না; কারণ এসব স্মৃতির “ধুলিকণা দেশের মানুষের হৃদয়ে মিশে আছে।”
এদিকে দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে দুটি বুলডোজার যেতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কিছু কর্মী এসব বুলডোজারের সঙ্গে ছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, “পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।”
Comment