
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাকাটা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া (৩০)। তিনি পচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর পর তাঁর মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব করেছে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম জানান, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে—সবুজের লাশ ভারতের পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চাওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার দিকে এগোলে ভারতের ভেতরে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে বিএসএফের টহল দল গুলি চালায়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান, আর তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিএসএফ সদস্যরা নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
Comment