
প্রায় দুই দশক পর বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি বিকেলে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় বৈঠকে তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর থেকেই স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বরিশাল বিএনপির শীর্ষ নেতাদের তারেক রহমানের আগমন বিষয়ে অবহিত করা হয়। একই সঙ্গে জনসভা সফল করতে জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। তিনি জানান, ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন। সেখানে ২৬ জানুয়ারির জনসভা সফল করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশাল সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় অংশগ্রহণ করেন এবং বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতুর উদ্বোধনও করেন তিনি।
২০ বছর পর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ইতোমধ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দলীয় নেতারা।
Comment