
বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহে বাংলাদেশ ও ইতালির মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালিভিত্তিক প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A)-এর মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে LOI স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে লিওনার্দো এস.পি.এ। LOI স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিমান ক্রয় ও সহযোগিতামূলক কাজের আনুষ্ঠানিকতা আরও এক ধাপ এগিয়ে গেল।
বিশেষজ্ঞদের মতে, ইউরোফাইটার টাইফুন যুক্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করবে।
Comment