
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও গুলিবিদ্ধ রাজনীতিক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগেই চোরেরা ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই দিন দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পরই পরিবারের সদস্যরা দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
Comment