
রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কাজের কারণে আগামী শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগাম এ ঘোষণা দিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত কাজের অংশ হিসেবে সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কিছু ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১১ কেভি ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায়।
এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় পড়বে—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদ সংলগ্ন এলাকা, বিভিন্ন পর্যটন স্পট, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল।
তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগেভাগেই চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করা হয়েছে।
এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোরে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষের মতে, এসব কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং গ্রাহকসেবার মান উন্নত হবে।
Comment